গভীর রাতে নেত্রীর ফ্ল্যাটে বিএনপি নেতা, বাইরে থেকে তালা; শাবল দিয়ে ভেঙে ছেলেদের উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক | ২১:৪০, নভেম্বর ১৫ ২০২৬ মিনিট

বরিশালের গৌরনদীতে এক নারী বিএনপি নেত্রীর ভাড়া বাসায় গভীর রাতে গিয়ে তালাবদ্ধ হয়ে পড়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে। পরে তাঁর দুই ছেলে ও সহযোগীরা শাবল দিয়ে ফ্ল্যাটের দরজার তালা ভেঙে তাঁকে বের করে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার মাশাল্লাহ ভবনে এ ঘটনা ঘটে। শনিবার (১৪ নভেম্বর) ঘটনাটি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলা পরিষদ গেটসংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বিএনপি নেত্রী তানিয়া আক্তার। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই ফ্ল্যাটে যান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। এ সময় তাঁদের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেন। খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে যান। পরে বিষয়টি জানাতে তাঁরা বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল এবং গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নানের সঙ্গে যোগাযোগ করেন। প্রত্যক্ষদর্শী হিসেবে পরিচয় দেওয়া কয়েকজন সংবাদকর্মী জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাঁরা ঘটনাস্থলে গিয়ে বদিউজ্জামান মিন্টুকে ফ্ল্যাটের ভেতরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। কিছুক্ষণ পর তাঁর দুই ছেলে অন্তর ও অঞ্জন এবং কয়েকজন সহযোগী লোহার শাবল দিয়ে দরজার তালা ভেঙে তাঁকে বের করে আনেন। পরে একটি মোটরসাইকেলে করে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় মিন্টুর সঙ্গে থাকা লোকজনের উপস্থিতি ও পরিস্থিতির কারণে সংবাদকর্মীরা ছবি বা ভিডিও ধারণ করতে সাহস পাননি। এদিকে ঘটনার পর ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী তানিয়া আক্তারের ফ্ল্যাটে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগ, তানিয়াকে গৌরনদী ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। তবে এ বিষয়ে তানিয়া আক্তারের বক্তব্য জানা যায়নি। ঘটনার বিষয়ে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল বলেন, ছাত্রদল ও যুবদলের নেতাদের কাছ থেকে বিষয়টি শুনে তিনি প্রথমে মিন্টুকে তালাবদ্ধ অবস্থা থেকে উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন। পরে দলীয়ভাবে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। তবে তাঁর অভিযোগ, মিন্টুর সহযোগীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাঁকেও গালিগালাজ করেন। গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান বলেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মুখে তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযোগের বিষয়ে বদিউজ্জামান মিন্টু ও তানিয়া আক্তারের বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। পরে তানিয়া আক্তারের ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করা হলেও তিনি দরজা খোলেননি। তাঁর ছেলে ভেতর থেকে জানান, তাঁর মা বাসায় নেই। স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর দাবি, ওই ফ্ল্যাটে বিএনপির কয়েকজন নেতাকর্মীর নিয়মিত যাতায়াত ছিল। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, লোকমুখে তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।