কার্ড চাইনা, বেড়িবাঁধ চাইঃ নদীতীরে ৩ গ্রামবাসীর মানববন্ধন
নিজেস্ব প্রতিবেদক|২১:৩৬, নভেম্বর ১৫ ২০২৬ মিনিট
"সরকার বোলে হগোলডিরে কার্ড দিবো। স্যার মোরা কার্ড চাইনা, বেড়িবাঁধ চাই। বেড়িবাঁধ দিয়া মোগো বাড়িঘর জমিজমা বাঁচান। মোর বাড়ি সাতবার ভাঙছে আর সাতবার সরাইছি। আছিলো একটা ধানক্ষ্যাত। হেইডাও ভাঙতাছে। মোর বাঁচার আর কোনো উপায় নাই।" বিলাপ করে ঠিক এই কথাগুলোই বলছিলেন উত্তর রাকুদিয়া গ্রামে ষাটোর্ধ কৃষক আইয়ুব আলী। শুধু আইয়ুব আলী একা নন, অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক তাঁর শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা, হাফেজ এরশাদ হোসাইন মসজিদ রক্ষা, যুবদল থেকে মাইনুল ইসলাম শিহাব মোল্লা ইউনিয়ন পরিষদ রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মাণের অভিন্ন আকুতি জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের সুগন্ধা নদীর তীরে স্থানীয় ৩ গ্রামের ভুক্তভোগী মানুষের প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন উপজেলার উত্তর রাকুদিয়া, চরসাধুকাঠী এবং বাহেরচর গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ। এসময় তারা সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধসহ একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
আয়োজক কমিটির আহবায়ক কবি সুজন মুন্নার সভাপতিত্বে নদীতীরে প্রায় আড়াই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর হাফেজ মো. এরশাদ হোসাইন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ আবদুল মতিন, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী জসিম উদ্দিন প্রমুখ।
গত ১৫ বছরে ৯ বার নদী ভাঙনের শিকার চরসাধুকাঠী গ্রামের ভুক্তভোগী নারী ফাতেমা বেগম জানান, '১৫ বছরে ৯ বার নদী ভাঙনের শিকার হয়ে তিনি এখন মহাসড়কের পাশে টিনের ছাপড়া দিয়ে থাকেন। তিনি এখন নিজের গ্রামে নিজেই ভিটামাটিহীন এক উদ্বাস্তু হয়েছেন। অথচ একসময় তাদের জমিতে একশো মণের উপরে ধান হতো। আখের ক্ষেত থেকে মণকে মণ আখের গুড় উৎপাদন হতো। সেই জমির পুরোটাই নদীতে নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানান তিনি।
বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা বলেন, 'বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আবুল কালাম কলেজ, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, উত্তর রাকুদিয়া বায়তুল আমান জামে মসজিদসহ বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কটি এখন নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। অনতিবিলম্বে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে এসব প্রতিষ্ঠান হারিয়ে যাবে।'
চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক বলেন, 'দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া এলাকার সরকারি আবুল কালাম কলেজ থেকে বাহেরচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত একটি বেড়িবাঁধ নির্মাণের দাবি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। একটা বেড়িবাঁধে অভাবে ৩ গ্রামের হাজার হাজার মানুষ আজ নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।'
আয়োজক কমিটির আহবায়ক কবি সুজন মুন্না বলেন, 'একটি বেড়িবাঁধের অভাবে উত্তর রাকুদিয়া, চরসাধুকাঠী ও বাহেরচর গ্রামের হাজার হাজার পরিবার যেমন ইতোমধ্যে নিঃস্ব হয়েছে তেমনি বেড়িবাঁধ না থাকায় বন্যায় প্লাবিত হয়ে এলাকার কৃষকরাও প্রতিবছর সর্বস্বান্ত হচ্ছে। এদিকে একটি প্রভাবশালী মহল নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই শুকনো মৌসুমেও ভাঙছে সুগন্ধা নদী। তাই নিরুপায় হয়ে আজ ৩ গ্রামের হাজার হাজার মানুষ সরকারের কাছে তাদের অন্ন, বাসস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার ন্যায্য মৌলিক অধিকারের দাবি নিয়ে রাস্তায় নেমেছে।'
ভাঙনের বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, 'বাবুগঞ্জ উপজেলার প্রধান একটি সমস্যা হলো নদী ভাঙন। আমার উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আপদকালীন জরুরি কিছু ত্রাণ দেওয়া ছাড়া নদীভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। পানি উন্নয়ন বোর্ডকে আমি নিয়মিত অবহিত করছি। আমাদের এই আসনের সংসদ সদস্য মহোদয়ও নদী ভাঙনের বিষয়ে অবগত রয়েছেন। তিনি ভাঙন প্রতিরোধে বৃহৎ প্রকল্প বরাদ্দের জন্য কাজ করছেন।'
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, 'নদীভাঙনের স্থায়ী সমাধান বা বেড়িবাঁধ নির্মাণের জন্য দরকার মেগাপ্রকল্প। আমরা জরুরি ভাঙন প্রতিরোধে যে আপদকালীন বরাদ্দ পাই তা দিয়ে কিছু জিওব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করি। তবে বাবুগঞ্জ-মুলাদী এলাকার নদীশাসন, ড্রেজিং ও ব্লক পাইলিংসহ প্রায় হাজার কোটি টাকার প্রস্তাবিত একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আশাকরি এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই অঞ্চলের মানুষের দুর্ভোগ চিরতরে লাঘব হবে।'