ভোলার মাটির নিচে গ্যাসের নতুন সম্ভাবনা, মিলতে পারে দিনে ২৫ মিলিয়ন ঘনফুট
নিজেস্ব প্রতিবেদক|২১:২৮, নভেম্বর ১৫ ২০২৬ মিনিট
একটির পর একটি গ্যাসকূপের সন্ধানে দেশের দক্ষিণাঞ্চলে জ্বালানি সম্ভাবনার নতুন দুয়ার খুলছে ভোলা। এবার জেলার পশ্চিম ইলিশায় সন্ধান মিলেছে ভোলা নর্থ-৩ নামে আরও একটি গ্যাসকূপের। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। সবকিছু নির্ভর করছে চলমান পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ওপর।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে কূপটির গ্যাস উৎপাদন সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।
বাপেক্স সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তত্ত্বাবধানে কূপটির প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু হয়। এরই মধ্যে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খননকাজ সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কূপটির পারফোরেশন কার্যক্রম শেষ করা হয়। পরীক্ষার আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ যাচাই করেও সন্তোষজনক ফল পাওয়া গেছে।
প্রাথমিক পর্যবেক্ষণে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না বাপেক্স। ড্রিল স্টেম টেস্ট শেষে গ্যাসের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এ নিয়ে জেলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। নতুন এই কূপের পরীক্ষার ফল ইতিবাচক হলে দেশের জ্বালানি খাতে ভোলার গুরুত্ব আরও বাড়তে পারে।