বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা; বরিশাল উপকূলে সতর্কতা
নিজেস্ব প্রতিবেদক|২১:০৬, নভেম্বর ১৫ ২০২৬ মিনিট
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বরিশালসহ উপকূলীয় অঞ্চলের সমুদ্রগামী জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে। একপর্যায়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে।
নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা হাওয়ায় এ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে। এর প্রভাবে নিম্নচাপের কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় নিম্নচাপটির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০, কক্সবাজার থেকে ১ হাজার ৯০০, মোংলা থেকে ১ হাজার ৮২০ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে। পাশাপাশি জেলে ও সমুদ্রগামী নৌযান সংশ্লিষ্টদের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস জেনে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।