৭৩০ কোটি টাকার উন্নয়ন, খাল উদ্ধারে পারবে কি শিরিনের প্রশাসন?

নিজেস্ব প্রতিবেদক | ২০:৩৮, নভেম্বর ১৫ ২০২৬ মিনিট

একসময় খালই ছিল বরিশাল নগরীর প্রাণ। এসব খাল দিয়ে চলত নৌযান, নিষ্কাশন হতো বৃষ্টির পানি, সচল থাকত নগরীর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা। সময়ের ব্যবধানে সেই খালগুলোর অনেকটাই হারিয়েছে অস্তিত্ব। কোথাও খালের বুক চেপে তৈরি হয়েছে স্থাপনা, কোথাও দখল হয়ে গেছে দুই পাড়, আবার কোথাও পলি ও বর্জ্যের স্তূপে থমকে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। অথচ সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এবার ৭৩০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। নগরীর ৩০টি খাল পুনরুদ্ধার, পুনঃখনন, পাড় সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে বরিশালের চেনা নগরচিত্র। কিন্তু প্রকল্পের অর্থায়ন কিংবা অবকাঠামো নির্মাণের চেয়েও কঠিন একটি প্রশ্ন সামনে এসেছে—প্রভাবশালীদের দখলে থাকা খালগুলো কি উদ্ধার করা সম্ভব হবে? অতীতে একাধিক মেয়র, সংসদ সদস্য ও জেলা প্রশাসনের উদ্যোগেও যেখানে দখলদারদের পুরোপুরি সরানো যায়নি, সেখানে এবার সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে। অর্থাৎ বরিশালের খাল উদ্ধারের লড়াইয়ে এবার শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, প্রশাসনের সদিচ্ছা ও সক্ষমতারও পরীক্ষা হতে যাচ্ছে। বরিশাল নগরীর খালগুলোর বর্তমান অবস্থা দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণের ফল। দুই দশক আগেও যেসব খালে ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকায় যাতায়াত করা যেত, সেগুলোর অনেক অংশ এখন সংকুচিত কিংবা পানিপ্রবাহের অনুপযোগী। খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। কোথাও বর্জ্য ফেলে ভরাট করা হয়েছে খালের অংশবিশেষ। এর সরাসরি প্রভাব পড়ছে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থায়। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। খালের নাব্যতা কমে যাওয়ায় পানি দ্রুত নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ঐতিহ্যবাহী জেল খালের অবস্থাও ক্রমেই সংকুচিত হয়েছে। একসময় নৌযান চলাচলের উপযোগী এই খালের অনেক অংশ এখন হারিয়েছে স্বাভাবিক প্রবাহ। এ অবস্থায় শুধু খনন কিংবা সৌন্দর্যবর্ধন করে সমস্যার সমাধান হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, খালের প্রকৃত সীমানা নির্ধারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ না হলে কোটি কোটি টাকা ব্যয়ে করা উন্নয়নও দীর্ঘস্থায়ী হবে না। বরিশালের খাল উদ্ধারের চেষ্টা অবশ্য নতুন নয়। বিভিন্ন সময়ে সাবেক মেয়র শওকত হোসেন হিরণ, আহসান হাবিব কামাল, বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু প্রভাবশালীদের দখলে থাকা জায়গা পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। কোথাও উচ্ছেদ অভিযান চালানো হলেও পরবর্তী সময়ে দখল প্রতিরোধ ও নিয়মিত তদারকির ঘাটতি দেখা গেছে। খালের সীমানা নির্ধারণ, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা এবং উদ্ধার করা জায়গা সংরক্ষণের ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা ছিল। ফলে পরিকল্পনা হয়েছে, প্রকল্প প্রস্তাব তৈরি হয়েছে, অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে; কিন্তু খালগুলোর দখল ও দূষণ পুরোপুরি বন্ধ হয়নি। এবারও একই পরিণতি হলে ৭৩০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন উঠবে। এর আগে ২০২৫ সালে বরিশাল নগরীর খালগুলোর পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনঃখননের জন্য ৭০১ কোটি ৫৩ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। এতে ৫৬১ কোটি ২৩ লাখ টাকা সরকারি অনুদান এবং ১৪০ কোটি ৩০ লাখ টাকা ঋণ হিসেবে অর্থায়নের পরিকল্পনা ছিল। অর্থ বিভাগের পক্ষ থেকে সাতটি শর্তে অর্থায়নে সম্মতিও দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের জন্য পাঠানোর প্রস্তুতির কথা জানানো হয়। ওই পরিকল্পনায় নগরীর ৪৬টি খালের মধ্যে ২০টি খনন এবং আরও ৯টি খালের খনন, পাড় বাঁধাই, ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের প্রস্তাব ছিল। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ড নগরীর সাতটি খালের প্রায় ১৮ কিলোমিটার অংশ খননের উদ্যোগ নিয়েছিল। এ কাজে প্রায় সাত কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা ছিল। খালগুলোর মধ্যে ছিল সাগরদী, চাঁদমারী, ভাটার, জেল, আমানতগঞ্জ, পলাশপুর ও রূপাতলী খাল। এতসব উদ্যোগের পরও খালগুলোর দখল ও দূষণ নিয়ন্ত্রণে স্থায়ী অগ্রগতি না আসায় নতুন প্রকল্প ঘিরে প্রত্যাশার পাশাপাশি সংশয়ও রয়েছে। সামাজিক ও পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খাল পুনরুদ্ধারের প্রকৃত সাফল্য নির্ভর করবে দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থানের ওপর। খালের জায়গা উদ্ধার না করে শুধু পাড় বাঁধাই, ওয়াকওয়ে নির্মাণ কিংবা সৌন্দর্যবর্ধন করলে প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। পরিবেশবিদ কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, অতীতেও খাল উন্নয়নের নামে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু প্রভাবশালীদের দখল উচ্ছেদে কার্যকর পদক্ষেপ না থাকায় অনেক উদ্যোগই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবারও যদি দখলদারদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে বিপুল অর্থ ব্যয় করেও খালগুলোর স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা কঠিন হবে। সংশ্লিষ্টদের মতে, এবারের প্রকল্প বাস্তবায়নে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনকে অন্তত তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রথমত, প্রভাবশালীদের দখলে থাকা খালের জায়গা উদ্ধার করতে হবে। দ্বিতীয়ত, উদ্ধার করা জায়গা পুনরায় দখল ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, খনন ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি খালের স্বাভাবিক পানিপ্রবাহ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এসব কাজ সমন্বিতভাবে করতে না পারলে প্রকল্পের অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্য অধরাই থেকে যেতে পারে। সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন মনে করেন, খালের দুই পাড় থেকে দখলদার উচ্ছেদ করা সত্যিই বড় চ্যালেঞ্জ। এ কারণে আনুষ্ঠানিকভাবে সংস্কারকাজ শুরুর আগেই নগরীর সুশীল সমাজ, সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। কীর্তনখোলা নদীতীরের এই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সর্বসাধারণকে খাল উদ্ধারের বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। বরিশালের মানুষ শুধু নতুন ওয়াকওয়ে, দৃষ্টিনন্দন খাল কিংবা পাকা পাড় দেখতে চান না; তাঁরা চান বৃষ্টির পানি দ্রুত নেমে যাক, খালে ফিরে আসুক স্বাভাবিক পানিপ্রবাহ, বন্ধ হোক দখল ও দূষণ। চান, নগরীর হারিয়ে যাওয়া নৌযোগাযোগের সম্ভাবনাও আবার ফিরে আসুক। ৭৩০ কোটি টাকার প্রকল্প সেই প্রত্যাশা পূরণের একটি বড় সুযোগ তৈরি করেছে। কিন্তু এই সুযোগ কতটা কাজে লাগানো যাবে, তা নির্ভর করছে দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর অবস্থানের ওপর। বরিশালের খাল উদ্ধারে অতীতের ব্যর্থতার পুনরাবৃত্তি হবে, নাকি এবার সত্যিই ফিরবে খালের প্রাণ—সেই উত্তর খুঁজবে নগরবাসী। প্রশাসক শিরিনের জন্যও এ লড়াই কেবল একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নয়; বরং প্রভাবশালী দখলদারদের মোকাবিলা করে নগরীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার কঠিন পরীক্ষা।’