আইইবি নির্বাচনে এ্যাবের নিরঙ্কুশ বিজয়

নিজেস্ব প্রতিবেদক | ১৯:২৭, নভেম্বর ১৫ ২০২৬ মিনিট

  • নেতৃত্বে বরিশালের তিন প্রকৌশলী
নিজস্ব প্রতিবেদক ॥ প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর ২০২৭-২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি সমর্থিত প্রকৌশলী সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাশাপাশি দেশের বিভিন্ন কেন্দ্রের স্থানীয় কমিটির নির্বাচনেও এ্যাব সমর্থিত প্রার্থীদের ব্যাপক সাফল্য এসেছে। এবারের নির্বাচনে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে বরিশালের প্রকৌশলীদের সাফল্য। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে ঢাকা কেন্দ্রের স্থানীয় কমিটির সব পর্যায়েই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন বরিশালের তিন কৃতী প্রকৌশলী। আইইবির সুত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বরিশালের কৃতী সন্তান প্রকৌশলী খান মনজুর মোর্শেদ। ওই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম। তাঁদের নেতৃত্বে আগামী দুই বছর আইইবির কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। অন্যদিকে আইইবি ঢাকা কেন্দ্রের স্থানীয় কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. প্রকৌশলী মনিরুল ইসলাম। একই কমিটির সম্মানসূচক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বরিশালের আরেক কৃতী সন্তান প্রকৌশলী কে.এম. আসাদুজ্জামান। এছাড়া লোকাল কাউন্সিল মেম্বার পদে নির্বাচিত হয়েছেন বরিশালের সন্তান প্রকৌশলী আব্দুস সামাদ রনি। ফলে আইইবির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি ঢাকা কেন্দ্রের স্থানীয় পর্যায়েও বরিশালের প্রকৌশলীদের উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। গত ১২ নভেম্বর বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এ্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ১৮টি কেন্দ্র ও প্রায় ৩০টি উপকেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সংগঠনটির দাবি, আইইবির নির্বাচনী ইতিহাসে নিজস্ব প্যানেল নিয়ে এককভাবে অংশগ্রহণ করে এবারই তারা এমন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এবারের নির্বাচনে ঢাকা কেন্দ্রের স্থানীয় কমিটিতে সম্পাদক পদে প্রকৌশলী কে.এম. আসাদুজ্জামানের বিজয় বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে তিনি আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে কেন্দ্রের বিভিন্ন পেশাগত, প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর সক্রিয় সম্পৃক্ততা ছিল। প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ক্রয় আইন (PPA), সরকারি ক্রয় বিধিমালা (PPR) এবং ই-জিপি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমেও তিনি যুক্ত ছিলেন। তাঁর এই সাংগঠনিক অভিজ্ঞতা ও পূর্ববর্তী দায়িত্ব পালনের দক্ষতা নতুন মেয়াদে ঢাকা কেন্দ্রের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে প্রকৌশলী মহলে প্রত্যাশা রয়েছে। তারা জানিয়েছেন, প্রকৌশলীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সদস্যদের সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঢাকা কেন্দ্রের লোকাল কাউন্সিল মেম্বার পদে প্রকৌশলী আব্দুস সামাদ রনির বিজয়ও এবারের নির্বাচনে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। বরিশাল নগরীর ঈশ্বরবসু রোডের বাসিন্দা প্রকৌশলী রনি শিক্ষাজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পৃক্ততা, সহকর্মীদের সঙ্গে সুদীর্ঘ সম্পর্ক এবং তাঁদের সমর্থন তাঁর এই নির্বাচনী বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তিনি। লোকাল কাউন্সিল মেম্বার হিসেবে প্রকৌশলী আব্দুস সামাদ রনি ঢাকা কেন্দ্রের প্রকৌশলীদের মতামত, সমস্যা, পেশাগত দাবি ও কল্যাণমূলক প্রত্যাশা স্থানীয় কাউন্সিলে তুলে ধরার সুযোগ পাবেন। বিশেষ করে নবীন প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তাঁর ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ রয়েছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তাঁর এই সাফল্য বরিশালের প্রকৌশলী মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। একই সঙ্গে এটি তরুণ ও নবীন প্রকৌশলীদের পেশাজীবী সংগঠনের নেতৃত্বে এগিয়ে আসার ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে উঠবে। এদিকে এ্যাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রতিও সম্মান জানানো হয়েছে। সংগঠনটির বক্তব্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রকৌশলীদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ প্রতিষ্ঠার প্রশ্নে কোনো বিভাজন থাকা উচিত নয়। প্রকৌশলীরা দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার, দক্ষতা উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা শুধু একটি পেশাজীবী সংগঠনের দায়িত্ব নয়, বরং জাতীয় উন্নয়নের স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইইবির এবারের নির্বাচনে এ্যাব-সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় নতুন নেতৃত্বের সামনে যেমন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি প্রকৌশলী সমাজের প্রত্যাশা পূরণের দায়িত্বও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, নির্বাচনী বিজয়কে কতটা কার্যকর সাংগঠনিক শক্তিতে রূপান্তর করতে পারেন নতুন নেতৃত্ব। প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, বৈষম্য নিরসন, দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে পারলেই এই বিজয় প্রকৃত অর্থে সার্থকতা পাবে।