ভোলার মনপুরায় বিয়েবাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাঢ়ী বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত মো. আশরাফুল ইসলাম উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কাজ করতেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড়বাতির কাজ করছিলেন আশরাফুল। এ সময় জেনারেটরের বিদ্যুৎস্পর্শে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া আশরাফুলকে হাসাপতালে আনার আগেই মৃত্যু হয়।