বরিশালে নিজেই বানিয়েছিলেন সাংবাদিকের কার্ড, আড়ালে করতেন মাদক ব্যবসা

নিজেস্ব প্রতিবেদক | ২০:২০, নভেম্বর ১৩ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন আব্দুল জলিল আকন। অথচ সেই পরিচয়ের আড়ালেই চালিয়ে আসছিলেন মাদক ব্যবসা। নিজের তৈরি সাংবাদিক পরিচয়পত্র ব্যবহার করে প্রশাসন ও এলাকাবাসীর কাছে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন তিনি। অবশেষে গাঁজা বিক্রির সময় পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে আটক হয়েছেন এই ব্যক্তি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের চাঁদমারী খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে সঙ্গে নিয়ে এসেছিলেন আব্দুল জলিল। এলাকায় নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত নন। নিজেই সাংবাদিক পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন স্থানে প্রদর্শনের মাধ্যমে সুবিধা নেয়ার চেষ্টা করতেন।

আটক আব্দুল জলিল আকন পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। তবে বরিশাল নগরীতে বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালাতেন তিনি। তার বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।