সমস্যা স্বীকারে অনীহা, বিএনপি সরকারকে ফয়জুল করিমের সতর্কবার্তা
নিজেস্ব প্রতিবেদক|২৩:১৯, নভেম্বর ১২ ২০২৬ মিনিট
সমস্যা স্বীকার করা সুশাসনের প্রথম ও প্রধান লক্ষণ। অথচ বিএনপি সরকারের মধ্যে সমস্যা অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বরিশালের মুলাদী উপজেলার পূর্ববাজারে ইসলামী যুব আন্দোলনের উপজেলা শাখা আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সমস্যাকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা মনে হয়েছে। রাষ্ট্রে সমস্যা ও সংকট তৈরি হবে—এ বাস্তবতা মেনেই মানুষ রাষ্ট্র গঠন করেছে। সরকারের দায়িত্ব হলো সেসব সমস্যা চিহ্নিত করা, স্বীকার করা এবং সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া।
তিনি বলেন, স্বৈরশাসকরা কখনো সমস্যাকে সমস্যা হিসেবে স্বীকার করতে চায় না। বিএনপি সরকারের মধ্যেও একই প্রবণতা দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে পতিত স্বৈরাচারের ফিরে আসাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদরদপ্তরেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খুলনা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত ১০ মাসে সেখানে ৭০ জনের বেশি মানুষ খুন হয়েছেন। এমনকি খুলনায় সরকারদলীয় নেতারাও পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য-উপাত্তের মতলবি উপস্থাপন ও ব্যাখ্যার মাধ্যমে আত্মতৃপ্তিতে ভুগছেন।
সরকারের উদ্দেশে শায়খে চরমোনাই বলেন, অতীতের খারাপ সময়ের সঙ্গে তুলনা করে নিজেদের ভালো প্রমাণের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। বাস্তব পরিস্থিতি স্বীকার করে তা মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকারদলীয় পক্ষের দাবি, বিরোধী দলের নেতারা বিদেশি গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন। আবার বিরোধী দলের দাবি, সরকারদলীয় পক্ষের বৈঠকের তথ্য-প্রমাণ তাদের কাছেও রয়েছে। তাহলে কি ধরে নিতে হবে, উভয় দলই বিদেশি গোয়েন্দাদের সঙ্গে সমঝোতা করে চলছে?
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক মাওলানা আল আমীন। এ ছাড়া বক্তব্য দেন মুলাদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, সহসভাপতি আলহাজ নেছার উদ্দীন, সেক্রেটারি আবুল কাশেমসহ স্থানীয় নেতারা।
বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।