ঝালকাঠিতে ট্রাকের ধা’ক্কায় কৃষকের মৃত্যু, পালিয়ে গেল চালক

নিজেস্ব প্রতিবেদক | ২১:২৮, নভেম্বর ১১ ২০২৬ মিনিট

ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় স্বরজিৎ ডাকুয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আওরাবুনিয়া এলাকায় কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিহত স্বরজিৎ ডাকুয়া আওরাবুনিয়া এলাকার মৃত উপেন্দ্র নাথ ডাকুয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় সাতনী বাজার থেকে হেঁটে দক্ষিণ দিকে যাচ্ছিলেন স্বরজিৎ। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।