বরিশালের হিজলায় ঘনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক প্রক্রিয়াজাত ও বর্জ্য পোড়ানোর অভিযোগে একটি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে জরিমানার পরও কারখানাটি লোকালয় থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার দুপুরে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা এলাকায় ‘ইফরাস খান ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন খান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কারখানাটি পরিচালনা করছেন। সেখানে বিভিন্ন বাসাবাড়ি ও স্থান থেকে সংগ্রহ করা পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন কেটে রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কারের পর পোড়ানো হয়। এতে সৃষ্ট কালো ধোঁয়া ও তীব্র দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। কারখানাটির রাসায়নিক মিশ্রিত বর্জ্যপানিও স্থানীয় খালে ফেলার অভিযোগ রয়েছে।
কারখানাটির পাশেই রয়েছে পূর্ব পত্তনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় বাজার। ফলে কারখানা থেকে নির্গত ধোঁয়া ও দুর্গন্ধে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশের বাসিন্দারা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. আবু হানিফ বলেন, প্লাস্টিক পোড়ানোর ধোঁয়া ও দুর্গন্ধ সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে এবং স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা গনি মজুমদার জানান, বায়ুদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রায় দুই বছর আগে গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এতদিনেও দৃশ্যমান কোনো প্রতিকার পাওয়া যায়নি।
এদিকে সম্প্রতি এলাকায় মসজিদ, টিউবওয়েল ও ব্যাটারি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় কারখানাটির সঙ্গে চোরাই মালামাল কেনাবেচার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।
কারখানার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে মালিক গিয়াস উদ্দিন খান সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি কারখানাটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার বিষয়টি স্বীকার করেন এবং মূল ফটক বন্ধ করে দেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া প্লাস্টিক কারখানা পরিচালনা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। প্রাথমিকভাবে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। পুনরায় এ ধরনের কার্যক্রম চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দ্রুত কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে। পরিবেশগত শর্ত পূরণ ও প্রয়োজনীয় ছাড়পত্র নিতে ব্যর্থ হলে কারখানাটি বন্ধের নির্দেশসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’