ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল
নিজেস্ব প্রতিবেদক|২১:৩৩, নভেম্বর ০৯ ২০২৬ মিনিট
শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তারা দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তাদের শপথ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি কাশবনের পাশে কয়েকজন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী একত্রিত হয়েছেন। সেখানে চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের পরিচালনায় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
শপথে তারা বলেন, ‘আমি শপথ করিতেছি যে, বঙ্গবন্ধু কন্যার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে, স্বাধীনতাবিরোধীদের হাত থেকে, শেখ মুজিবের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এ বিষয়ে চৌধুরী সোহান আহমেদ সাদ্দাম বলেন, ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সর্বদা রাজপথে সক্রিয় থাকবে।
শপথ গ্রহণ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক রাশেদ অর্ণব।
এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।