ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে ডিডাব্লিউএফ নার্সিং শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

নিজেস্ব প্রতিবেদক | ২১:১৯, নভেম্বর ০৯ ২০২৬ মিনিট

বরিশালে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন দুই নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (৯ নভেম্বর) সকালে বরিশালের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে বলেন, অন্যায়ভাবে অন্তুর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেবেন না।একই সঙ্গে বিএনএমসির ডিসেম্বর ২০২৬ সালের পরীক্ষাও বর্জন করেন তাঁরা। আন্দোলনকারী শিক্ষার্থী তন্দ্রা শিকদার অভিযোগ করে বলেন, কলেজ প্রশাসনের বিভিন্ন অনিয়মের মধ্যে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১২ হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলো । এ টাকা বাতিলের দাবিতে আন্দোলন করায় আমাদের সহপাঠী অন্তুকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না। বহিষ্কৃত শিক্ষার্থী অন্তু বিশ্বাস বলেন, তাঁদের ব্যাচের প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে জনপ্রতি ১২ হাজার টাকা নেওয়া হয়েছিল। এ নিয়ে গত এপ্রিল মাসে আমরা আন্দোলন করি। তখন কলেজ প্রশাসন নোটিশ দিয়ে আমাদের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের হয়রানি না করার আশ্বাস দিয়েছিল । কিন্তু সাত মাস পর হঠাৎ আমাকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মুঠোফোনে শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি। এর আগে গত ২ নভেম্বর আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রওশন জাহানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অন্তু বিশ্বাসকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি, শিক্ষার পরিবেশ নষ্ট, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কক্ষে তালাবদ্ধ করে রাখা, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ, শিক্ষকদের মুঠোফোনে হুমকি এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি তাঁর কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বাধাগ্রস্ত হওয়ার কথাও উল্লেখ করা হয়। এঘটনায় কলেজের অধ্যক্ষ রওশন জাহান এবং পরিচালক মো. জহিরুল ইসলামকে একাধিক বার ফোন করে কোন সাঁড়া মেলেনি।