বরিশালে চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

নিজেস্ব প্রতিবেদক | ২১:১৩, নভেম্বর ০৯ ২০২৬ মিনিট

সড়ক নির্মাণকাজ নির্বিঘ্নে চালাতে দিতে হবে ৩ লাখ টাকা। চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর করাসহ তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বরিশালের বাবুগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে। আলোচিত এই ঘটনায় ওই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর পুলিশ। উদ্ধার করা হয়েছে ঠিকাদারের মোটরসাইকেলটিও। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), তার ছেলে মো. মুবিন মোল্লা (২২) এবং সহযোগী মো. সাকিব হাওলাদার (৩৫)। পুলিশ জানায়, রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই কাজের সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রুস্তম হাওলাদার। শনিবার (৭ নভেম্বর) রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা তার নির্মাণকাজে বাধা দেন। এবং এ সময় কাজ চালিয়ে যেতে হলে ৩ লাখ টাকা দিতে হবে বলে দাবি করা হয়। রুস্তম হাওলাদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালাগাল ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়, তার ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এজাহারে বলা হয়, পরে রুস্তম হাওলাদারের প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা।