আমতলীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক | ২০:৩১, নভেম্বর ০৭ ২০২৬ মিনিট

বরগুনার আমতলীতে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, কলেজের ফটক ও সামনের সেতুতে ভাঙচুর এবং টায়ারে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর দুই টার দিকে আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিউর রহমানের বাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, এক নম্বর গুলিশাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রিজাউল করিম বাদী হয়ে গত ৯ অক্টোবর আমতলী থানায় মামলাটি করেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় কলেজের ফটক ও সামনের সেতুতে ভাঙচুর এবং টায়ারে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর গুলিশাখালী ইউনিয়নের ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের বক্তব্যের পর কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পরে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, বিশেষ ক্ষমতা আইনে মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আমতলী থানার ৯ অক্টোবরের ১২ নম্বর মামলার এজাহারভুক্ত ২২ নম্বর আসামি। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারা এবং দণ্ডবিধির ১৫৩/৫০৪ ধারায় করা হয়েছে।