রাজাপুরে যুবককে তুলে নিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক | ২০:৩৩, নভেম্বর ০৩ ২০২৬ মিনিট

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. শাহজাহান হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার চার দিন পর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য কবুতরখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজাপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. শহিদুল ইসলাম মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে রাজাপুর থানায় নেওয়া হয়। গ্রেপ্তার শাহজাহান হাওলাদার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে কাউখালী থানায় এক পুলিশ সদস্যের স্ত্রী হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, নুরে আলম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজাপুরের নৈকাঠি এলাকার বাসিন্দা নুরে আলমকে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এরপর কাঠিপাড়া এলাকার কতবেলতলার একটি নালার মধ্যে তার মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মাহে আলম বাদী হয়ে ওই দিনই রাজাপুর থানায় হত্যা মামলা করেন।মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এতে শাহজাহান হাওলাদারকে প্রধান আসামি করা হয়।