৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশু, ১৪ দিন পর মায়ের কোলে ফিরল সাদিয়া
নিজেস্ব প্রতিবেদক|২০:২৩, নভেম্বর ০৩ ২০২৬ মিনিট
সন্তানহারা এক নারীর মুখে হাসি ফোটাতে গিয়ে আরেক মায়ের বুক খালি করে দেওয়ার অভিযোগ উঠেছে। বরিশাল নগরীতে দিনমজুর পরিবারের মাত্র ৪৫ দিন বয়সী কন্যাশিশুকে চুরির পর ৩৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজের ১৪ দিন পর পুলিশ শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।
পুলিশ জানায়, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রূপাতলী মওলানা ভাসানী সড়ক এলাকার একটি বাসা থেকে সোহেল ও বৃষ্টি দম্পতির ৪৫ দিন বয়সী মেয়ে সাদিয়া নিখোঁজ হয়। এ ঘটনায় ২২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির মা।
তদন্তের একপর্যায়ে প্রতিবেশী নাসিমা বেগম ওরফে কবিরাজ নাসিমার ওপর সন্দেহ হয় শিশুটির পরিবারের। পরে রোববার রাতে তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে বিক্রির বিষয়টি সামনে আসে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নাসিমা স্থানীয় মৌরি নামের এক নারীর কাছে শিশুটিকে ৩৫ হাজার টাকায় বিক্রি করেন। পরে মৌরি শিশুটিকে তাঁর সন্তানহারা বড় বোন সম্পার কাছে দেন। সম্পা শিশুটিকে নিয়ে চট্টগ্রামে চলে যান।
পুলিশের তৎপরতার মুখে শেষ পর্যন্ত শিশুটিকে নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হাজির হন সংশ্লিষ্টরা। পরে পুলিশ শিশুটিকে তার মা বৃষ্টি বেগমের কোলে ফিরিয়ে দেয়। দীর্ঘ ১৪ দিন পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা।
পুলিশ জানায়, এ ঘটনায় নাসিমা বেগম ও মৌরিকে আটক করা হয়েছে। তবে নাসিমা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।
অন্যদিকে সম্পার দাবি, শিশুটি যে চুরি করে আনা হয়েছে, তা তিনি জানতেন না। বিষয়টি জানার পর তিনি শিশুটিকে পুলিশের কাছে ফিরিয়ে দিয়েছেন।