দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯

দেশ জনপদ ডেস্ক | ২১:১৭, নভেম্বর ০১ ২০২৬ মিনিট

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯২৯ জন রোগী। রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন ৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, ময়মনসিংহে ২ জন, চট্টগ্রামে ১ জন, চুয়াডাঙ্গায় ১ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ১ জন রয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে। এর মধ্যে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ১১৪ জন রোগী। অন্যদিকে আক্রান্তদের মধ্যে থেকে হাসপাতাল ছেড়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৮৩১ জন। এছাড়া খুলনা বিভাগে ২৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৭ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, রাজশাহী বিভাগে ১৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগীর সংখ্যা ছিল ৭০ হাজার ৫১৩ জন এবং মৃত্যুবরণ করেছিলেন ২৭৮ জন। সে তুলনায় চলতি বছরের একই সময়ে (১ জানুয়ারি থেকে ১ নভেম্বর ২০২৬) রোগীর সংখ্যা এবং মৃত্যু দুটোই উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে।