বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক | ২২:২৫, অক্টোবর ৩১ ২০২৬ মিনিট

বরিশালের গৌরনদীতে চাঁদাবাজির মামলায় জামান শরীফ (৩৫) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জামান শরীফ গৌরনদী পৌর যুবদলের পদবিহীন নেতা জসিম শরীফের ভাই। তিনি উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানের ভাতিজা। পুলিশ জানায়, জামান শরীফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রয়েছে। প্রায় দুই মাস আগে উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার আঁখি বেগম নামের এক নারী বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন। ওই মামলায় জামান শরীফকে প্রধান আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ হোসেন বলেন, আঁখি বেগমের দায়ের করা চাঁদাবাজির মামলায় জামান শরীফকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, নিয়মিত মামলার আসামি হিসেবে জামান শরীফকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।