কীর্তনখোলায় জাহাজের ধাক্কা কার্গোর তলা ফেটে ভিজল দুই ট্রাক গম, ডুবল ৫ স্পিডবোট
নিজেস্ব প্রতিবেদক|২২:১২, অক্টোবর ৩১ ২০২৬ মিনিট
বরিশালের কীর্তনখোলা নদীতে কোস্টগার্ডের একটি জাহাজের ধাক্কায় ৩০০ টন গমবোঝাই একটি কার্গো জাহাজের তলা ফেটে গেছে। এতে জাহাজটিতে পানি ঢুকে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। এ ঘটনায় নদীর তীরে থাকা পাঁচটি স্পিডবোটও ডুবে গেছে।
বরিশাল নগরীর ডিসি ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কোস্টগার্ডের ‘স্বাধীন বাংলা’ নামের জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কীর্তনখোলা নদীর তীরে নোঙর করা পাঁচটি স্পিডবোটকে ধাক্কা দেয়। এরপর বিআইডব্লিউটিএর একটি জাহাজে আঘাত করে সেটি। একপর্যায়ে নদীর অপর পাশে নোঙর করে রাখা খাদ্যগুদামের গমবোঝাই ‘ডিবি পাপিয়া’ নামের কার্গো জাহাজটিতে ধাক্কা লাগে। এতে কার্গোটির তলদেশ ফেটে যায় এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে।
দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত জাহাজের কর্মীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জাহাজটিকে টেনে তীরে নিয়ে আসেন। এরপর দ্রুত গমের বস্তাগুলো খালাসের উদ্যোগ নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার পর কোস্টগার্ডের জাহাজটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে দুপুরে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত খাদ্যসামগ্রী দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সাঈদ বলেন, কার্গো জাহাজটিতে প্রায় এক কোটি টাকা মূল্যের গম ছিল। খুলনা থেকে এসব গম বরিশালের খাদ্যগুদামের জন্য আনা হয়েছিল। দুর্ঘটনার পরপরই জাহাজ থেকে গমের বস্তা সরিয়ে নেওয়া হচ্ছে। তবে জাহাজে পানি ঢুকে পড়ায় প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে।