বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, পাসের হার কমে ৪৪.৮৪ শতাংশ

নিজেস্ব প্রতিবেদক | ২২:০৮, অক্টোবর ৩১ ২০২৬ মিনিট

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে উদ্বেগজনক চিত্র দেখা গেছে। বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৯৭০ জন। গত বছর (২০২৫) বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন। শনিবার সকালে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফল প্রকাশকালে তিনি বলেন, যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে এবারের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে। তবে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে না পারার বিষয়টি শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এসব প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।