ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার ওসি হুমায়ুন কবির।
গ্রেপ্তার হাসি আক্তার (৩২) ওই এলাকার মো. কাওসার খানের স্ত্রী।
ওসি হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল কাওসার খানের বসতঘরে অভিযান চালায়। সেখান থেকে ৫০০ টাকার ৯২টি ও ১ হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলোর মোট মূল্য ৪৭ হাজার টাকা। এ ছাড়া একটি বাটনফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে হাসি আক্তার, পলাতক মো. কাওসার খান এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
