মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত

নিজেস্ব প্রতিবেদক | ২০:০৪, অক্টোবর ২৪ ২০২৬ মিনিট

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে অবৈধ জেলেদের হামলার শিকার হয়েছেন অভিযানকারী দলের সদস্যরা। এ সময় এক পুলিশ কনস্টেবল ও স্পিডবোটের চালক আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের হাতে গুরুতর আঘাত লেগেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বুড়াগৌরাঙ্গ নদীর কালিরচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন গলাচিপা থানার পুলিশ কনস্টেবল মো. জসিম এবং অভিযানে ব্যবহৃত স্পিডবোটের চালক মো. শাহজালাল। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বুড়াগৌরাঙ্গ নদীতে অবৈধভাবে মাছ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেলে যৌথ অভিযান চালায় মৎস্য বিভাগ ও পুলিশ। স্পিডবোট নিয়ে নদীতে থাকা ট্রলারগুলোর দিকে এগিয়ে গেলে জেলেরা পালানোর চেষ্টা করেন। প্রায় ১০ মিনিট ধাওয়া করার পর একটি ট্রলারের কাছাকাছি পৌঁছালে ওই ট্রলারে থাকা ১০ থেকে ১২ জন জেলে বৈঠা ও লাঠিসোঁটা নিয়ে অভিযানকারী দলের ওপর হামলা চালান। অভিযানে অংশ নেওয়া মৎস্য বিভাগের সদস্য সুধাংশু জানান, জেলেরা প্রথমে স্পিডবোটের চালক শাহজালালকে বৈঠা দিয়ে আঘাত করেন। তাকে রক্ষা করতে পুলিশ কনস্টেবল জসিম এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। এতে তার হাত কেটে রক্তাক্ত জখম হয়। পরে ডাবল ইঞ্জিনচালিত দ্রুতগতির ট্রলার নিয়ে পালিয়ে যান জেলেরা। গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, “অসাধু জেলেদের আটক করতে গেলে স্পিডবোটে হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।” গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িত জেলেদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।