তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
নিজেস্ব প্রতিবেদক|১৯:৩৫, অক্টোবর ২৩ ২০২৬ মিনিট
আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী। একই সঙ্গে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ও পর্যটন খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় কুয়াকাটায় দুই দিনব্যাপী পর্যটন কার্নিভালে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জোনায়েদ সাকী বলেন, ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প আগামী তিন মাসের মধ্যে একনেকে অনুমোদন পেতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড মাস্টারপ্ল্যানের আওতায় নেওয়ার উদ্যোগ নিয়েছে। পরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হলে দীর্ঘসূত্রিতা কমবে এবং উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে।
মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন