নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলেকে আটক
পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে সূর্য বানু (৬০) নামে এক বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে উদ্দিন সরদারের (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সূর্য বানু ওই এলাকার লোকমান সরদারের স্ত্রী।
পুলিশ জানায়, উদ্দিন সরদার কৃষিকাজের পাশাপাশি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার দিন সকালে নেশার টাকা চেয়ে মায়ের কাছে যান উদ্দিন। সূর্য বানু টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি হাসুয়া দিয়ে মাকে হত্যা করেন বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় একই এলাকার আব্দুল হাকিমের বাড়ি থেকে উদ্দিন সরদারকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
