ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক | ২১:২২, অক্টোবর ১৮ ২০২৬ মিনিট

ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে পূর্ববিরোধের জেরে বিএনপির এক ওয়ার্ড সভাপতিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত এক যুবককে স্থানীয় লোকজন গণপিটুনি দেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন হাওলাদারের পরিবারের সঙ্গে ৪ নম্বর মেদুয়া গ্রামের দলু হাওলাদারের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় বাজারে যাওয়ার পথে হোসেন হাওলাদারকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এ ঘটনার কয়েক ঘণ্টা পর রাত ১১টার দিকে অভিযুক্ত আসিফ হোসেন হাওলাদারকে এলাকায় গণপিটুনি দেওয়া হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় কয়েকজনের দাবি, মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা হোসেন হাওলাদারের সঙ্গে অভিযুক্ত যুবকের বিরোধের সূত্রপাত হয়েছিল। তবে বিরোধের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইলিশা তদন্তকেন্দ্রের ইনচার্জ বশির আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।