মুখোশ পরে দোকানে ঢুকে জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি
দেশ জনপদ ডেস্ক|২১:১৮, অক্টোবর ১৮ ২০২৬ মিনিট
মিজান বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যার নতুন বাড়ির আহাম্মদ উল্যাহর ছেলে। স্থানীয়ভাবে তিনি জামায়াতে ইসলামীর একজন সমর্থক হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে দোকানে বেচাকেনা করছিলেন মিজান। এ সময় মুখোশ পরা ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল দোকানে প্রবেশ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পেটের বাম পাশে, বাম হাতে এবং বাম পায়ের উরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ বলেন, মিজান তাঁদের পরিচিত এবং তিনি জামায়াতের একজন সমর্থক। তাঁর দাবি, ২০২০ সালেও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছিলেন। সে সময় তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবার মুখোশ পরে দোকানে ঢুকে তাঁকে গুলি করা হয়েছে। তবে হামলাকারীরা মুখোশ পরা থাকায় তাৎক্ষণিকভাবে তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি। এ হামলায় নিষিদ্ধ সংগঠনের লোকজন জড়িত থাকতে পারেন বলে তিনি ধারণা প্রকাশ করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ছররা গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।