বাবুগঞ্জে মা ইলিশ রক্ষার অভিযানে দুই জেলের কারাদণ্ড

নিজেস্ব প্রতিবেদক | ২০:২১, অক্টোবর ১৬ ২০২৬ মিনিট

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে দুই মৌসুমী ইলিশ শিকারিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল ও আনুমানিক দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছগুলো অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন ও বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে আটক ব্যক্তিরা হলেন—দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল করিম হাওলাদারের ছেলে মো. মাসুম ঘরামী (৩৫) এবং একই গ্রামের মো. ইউনুস হাওলাদারের ছেলে মো. ফারুক (৩০)। উভয়ের বাড়ি উপজেলার কেদারপুর ইউনিয়নে। মোবাইল কোর্টের মাধ্যমে মো. মাসুম ঘরামীকে ১৫ দিনের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং মো. ফারুককে ৭ দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।