বরিশালে তরুণীর আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে পুলিশের অভিযান, ৫০০ ইয়াবাসহ আটক ৩

নিজেস্ব প্রতিবেদক | ২০:৩৮, অক্টোবর ১৫ ২০২৬ মিনিট

বরিশাল নগরীতে এক তরুণীর আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে তাঁকে উদ্ধার করতে গিয়ে একটি ভাড়া বাসা থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর কালুখান সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শামিমা খাতুন (২২), গাইবান্ধা সদরের জান্নাত আক্তার (২২) এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার আব্দুল্লাহ আল ফারুক (৩১)। পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে নগরীর কালুখান সড়কের একটি ভাড়া বাসায় যায় পুলিশ। সেখানে একটি কক্ষে এক যুবক ও দুই তরুণীকে দেখতে পান পুলিশ সদস্যরা। এ সময় তাঁদের মধ্যে একজন তরুণী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। পরে পুলিশ ওই তরুণীকে নিবৃত্ত করে। তাঁদের কথাবার্তায় সন্দেহ হলে দুই তরুণীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই তরুণী গত সোমবার নারায়ণগঞ্জ থেকে ইয়াবা নিয়ে বরিশালে আসেন। তাঁরা নগরীর কালুখান সড়কের একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন। ওসির ভাষ্য অনুযায়ী, ওই বাসায় থাকা মিজান মাদক বিক্রির সঙ্গে জড়িত এবং নগরীর মাদকসেবীদের কাছে খুচরা পর্যায়ে ইয়াবা বিক্রি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।