ভোলায় শিবিরের নবীনবরণের দিন ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট, সংবাদ সম্মেলন

নিজেস্ব প্রতিবেদক | ২১:২১, অক্টোবর ১৩ ২০২৬ মিনিট

ভোলা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে বাধা দেওয়া এবং ক্যাম্পাসে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবিরের কলেজ শাখা। সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা দিতে আগামী ১৫ অক্টোবর ভোলা সরকারি কলেজের ছায়াবীথিতে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। এ জন্য কলেজ প্রশাসনের কাছে লিখিত আবেদন করে অনুমতি নেওয়ার পর সংগঠনটির ফেসবুক পেজে অনুষ্ঠানের প্রচার শুরু করা হয়। তাদের দাবি, অনুষ্ঠানের প্রচার শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ছাত্রদল একই দিন ও একই স্থানে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয়। এ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে ছাত্রদলের কলেজ ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করে কর্মসূচির সময় পরিবর্তনের অনুরোধ জানানো হলেও তাতে সাড়া মেলেনি। পাশাপাশি রাতের আঁধারে কলেজ ক্যাম্পাসে টাঙানো ছাত্রশিবিরের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগও করেন তারা। সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা জরুরি। কোনো সংগঠনের নিয়মতান্ত্রিক কর্মকাণ্ডে বাধা দেওয়া অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তারা অতীতের আধিপত্যনির্ভর ছাত্ররাজনীতির পুনরাবৃত্তি এড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে ক্যাম্পাস পরিচালনার আহ্বান জানান। লিখিত বক্তব্যে তারা আরও জানান, কলেজ প্রশাসনের অনুমতি নিয়েই ১৫ অক্টোবরের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। প্রশাসন অনুমতির বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তারা। একই সঙ্গে অনুষ্ঠানকে ঘিরে কোনো ধরনের বাধা, হামলা বা অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্টদের দায় নিতে হবে বলে সতর্ক করেন ছাত্রশিবিরের নেতারা। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কলেজ প্রশাসন এবং সরকারের কার্যকর পদক্ষেপও কামনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমীন, সহসভাপতি ইমরান হোসেন নাবিল, সেক্রেটারি কামরুল হাসানসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী। অন্যদিকে, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আব্দুস সামাদ জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার উদ্যোগের অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই আন্দোলনে ভোলার শহিদ নাঈমের স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, একটি ছাত্রসংগঠন এ আয়োজনকে বিতর্কিত করতে কলেজে বহিরাগতদের এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তাদের অভিযোগ। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফীল বলেন, একই দিনে দুটি ছাত্রসংগঠনের কর্মসূচি থাকায় ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দেয়। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উভয় সংগঠনের কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি দুই সংগঠনের সভাপতি ও সম্পাদককে জানানো হয়েছে। পাশাপাশি কলেজ ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অবহিত করা হয়েছে।