মেঘনায় অভিযানে জেলেদের ইট-পাটকেল নিক্ষেপ, নিয়ন্ত্রণে কোস্টগার্ডের গুলি

নিজেস্ব প্রতিবেদক | ২০:২৪, অক্টোবর ১০ ২০২৬ মিনিট

বরিশালের হিজলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চলাকালে কোস্ট গার্ডের সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি সামাল দিতে বাহিনীর সদস্যরা ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। অভিযানে সহায়তা করতে যাওয়া মৎস্য বিভাগের একটি স্পিডবোটও হামলার শিকার হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার চরজানপুর এলাকার মেঘনা নদীর ৭ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নদীতে মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের দ্বিতীয় দিনে এ হামলার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কোস্ট গার্ড ও স্থানীয় সুত্রে জানান গেছে , প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় মেঘনায় টহল দেওয়ার সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরতে যাওয়া একদল জেলের মুখোমুখি হন অভিযানকারী সদস্যরা। একপর্যায়ে জেলেদের একটি দল টহল দলের দিকে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিজেদের সুরক্ষায় কোস্ট গার্ড সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, নিষেধাজ্ঞার প্রথম দিনে নদীতে অবৈধভাবে মাছ ধরার তৎপরতা তুলনামূলক কম থাকলেও পরদিন কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা করেন। এদিকে নৌ পুলিশের পৃথক অভিযানে ১০ জন জেলেকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আটটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে গত ৮ অক্টোবর থেকে সারা দেশে ২২ দিনের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে। এ সময়ে নদ-নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে হিজলায় নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের সমন্বয়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।