বরিশালে মাদকের আসর থেকে আটক এএসআই সাময়িক বরখাস্ত

নিজেস্ব প্রতিবেদক | ২২:০২, অক্টোবর ০৯ ২০২৬ মিনিট

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হওয়ার পর পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর নির্দেশে তার বিরুদ্ধে বিভাগীয় এই ব্যবস্থা নেওয়া হয়। শুক্রবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির বসতঘরে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে এএসআই দেলোয়ার হোসেনও ছিলেন। তিনি নিজেকে বরিশাল এয়ারপোর্ট থানার এএসআই হিসেবে পরিচয় দেন। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট পরিদর্শক। দেলোয়ার হোসেনের কাছে মাদক না পাওয়ায় পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছানো এয়ারপোর্ট থানা-পুলিশের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, এএসআই দেলোয়ার হোসেন গত ৩০ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তার আটক হওয়ার বিষয়টি জানার পরপরই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সুশান্ত সরকার আরও বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এ অবস্থায় পুলিশের কোনো সদস্য মাদক-সংক্রান্ত বা এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।