২ লাখ টাকা খরচে মাদক কারবারিদের কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক | ২০:১৭, অক্টোবর ০৭ ২০২৬ মিনিট

সম্প্রতি বরিশালের কেডিসি এলাকার মাদক কারবারিদের একটি দল দুই লাখ টাকা খরচ করে পরিবারসহ কক্সবাজার ভ্রমণে যায়। পাঁচ দিন পর বরিশালে ফেরার পথে বাসে তল্লাশি চালিয়ে তাদের মধ্যে পাঁচজনকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে পূর্বের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া পাঁচজন হলেন- নগরীর কেডিসি বস্তির নিলুফা বেগম (৩৩), তার স্বামী রাসেল হাওলাদার (৩৪), একই এলাকার মো. সোহেন (২৯), মো. মিঠু হাওলাদার (৩০) ও আসমা বেগম (৩৩)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক তানজিল আহমেদ জানান, নিলুফা বেগমের নামে ৯টি, রাসেল হাওলাদারের নামে দুটি, মো. সোহেনের নামে চারটি, মিঠু হাওলাদারের নামে দুটি এবং আসমা বেগমের নামে তিনটি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান থেকে রক্ষা পেতে কেডিসি এলাকার মাদক কারবারিদের একটি দল প্রায় দুই লাখ টাকা খরচ করে ইউরো পরিবহনের একটি স্লিপার বাস ভাড়া করে পরিবারসহ কক্সবাজার ভ্রমণে যায়। পাঁচ দিন পর সোমবার দুপুরে তারা বরিশালে ফেরে।

ফেরার পথে বিমানবন্দর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ বাসটি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালায়। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ওই পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়। তবে তল্লাশিতে তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। পরে মঙ্গলবার তাদের পূর্বের মাদক মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।