পটুয়াখালী থেকে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ১
নিজেস্ব প্রতিবেদক|২০:৩৪, অক্টোবর ০৩ ২০২৬ মিনিট
পটুয়াখালীর দুমকি থেকে অপহরণের শিকার ১২ বছর বয়সী এক কিশোরীকে ঘটনার মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ ঘটনায় মো. শাহা জামাল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি-১০ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে দুমকি থানার শ্রীরামপুর এলাকায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মরিয়ম চিপস কেনার উদ্দেশ্যে বাড়ির বাইরে যায়। পথিমধ্যে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে মেয়েটির বাবা দুমকি থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে কিশোরীকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-১০। প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও গোপন তথ্যের সমন্বয়ে অপহৃত কিশোরীর অবস্থান শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং কথিত অপহরণকারী শাহা জামালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহা জামাল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ পিরিজকরা এলাকার বাসিন্দা। প্রাথমিক কার্যক্রম শেষে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১০ জানিয়েছে, অপহরণসহ যেকোনো অপরাধসংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।