সিএনজিতে স্কুলশিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাই
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পিটিআই প্রশিক্ষণ ইনস্টিটিউটে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন মিতু। সকাল ৮টার দিকে রাকুদিয়া নতুন হাট স্টেশন থেকে বরিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশাটিতে আগে থেকেই কয়েকজন যাত্রীবেশী ব্যক্তি ছিলেন।
কিছুদূর যাওয়ার পর সিএনজিতে থাকা দুর্বৃত্তরা অস্ত্র দেখিয়ে তাকে জিম্মি করে। একপর্যায়ে তার হাত ও মুখ ওড়না দিয়ে বেঁধে গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের সোনার আংটি এবং হ্যান্ডব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে সিএনজিটি ঘুরিয়ে শিকারপুর সেতুর ঢালে একটি মাদ্রাসাসংলগ্ন স্থানে তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর বিষয়টি বাবুগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সময়ের ইচলাদী টোল প্লাজার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি সন্দেহজনক সিএনজির সন্ধান পাওয়া গেছে।
তিনি আরও জানান, ওই সিএনজির সূত্র ধরে ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।