বরিশালে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত

নিজেস্ব প্রতিবেদক | ২১:১২, সেপ্টেম্বর ২৮ ২০২৬ মিনিট

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটিপাড়া এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো আটিপাড়া গ্রামের বাসিন্দা কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং মের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, তিন বন্ধু মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক সৌরভ ঢালীসহ আরোহী মোস্তাকিন এবং তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালকসহ স্টাফরা পালিয়ে গেছেন। এ ঘটনায় পর প্রায় আধাঘণ্টা মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।'