মা-শিশুকে নির্যাতনের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

নিজেস্ব প্রতিবেদক | ২১:২০, সেপ্টেম্বর ২৩ ২০২৬ মিনিট

মা ও শিশুসন্তানকে নির্যাতনের অভিযোগে সংশ্লিষ্ট এক নেতার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি। অভিযুক্ত হাফিজুর রহমান চুন্নু কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা ঘটনাটি নৈতিক স্খলন ও চরম সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড হিসেবে অত্যন্ত গুরুতর ও অনভিপ্রেত। এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে কেন চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার বিএনপি নেতা হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।