সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক | ২১:৪০, সেপ্টেম্বর ২২ ২০২৬ মিনিট

সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মনির হোসেনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কাটপট্টি রোড এলাকায় যুবদলের মিছিলে এ ঘটনা ঘটে। নিহত যুবদল নেতা জিএম মনির হোসেন (৫৪) বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা। বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশিল করার প্রতিবাদে মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর যুবদলের মিছিল ছিল। জিএম মনির মহানগর যুবদলের মিছিলে অংশ নেয়।

বাবলু বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় নগরীর কাটপট্টি এলাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাস্তায় পড়ে যান মনির হোসেন। তাৎক্ষণিকভাবে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। মনির যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

এদিকে যুবদল নেতা জিএম মনিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ বিএনপি ও যুবদলের নেতারা।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১২টায় নগরীর সদর রোডে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করে জেলা ও মহানগর যুবদল। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বরিশাল মহানগর যুবদল। পরে নগরীতে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।