ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক

নিজেস্ব প্রতিবেদক | ২০:৫১, সেপ্টেম্বর ২১ ২০২৬ মিনিট

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার ভোর ৪টা থেকে চর মোজাম্মেলে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল। কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আটক ব্যক্তিরা হলেন—চর মোজাম্মেলের আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চর মোজাম্মেলে একদল ডাকাত অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড খালি কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।