ডিজিটাল-ফর্মস সেবা নিয়ে বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

নিজেস্ব প্রতিবেদক | ২০:৪৫, সেপ্টেম্বর ২১ ২০২৬ মিনিট

গ্রাহকদের উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করতে বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। ডিজিটাল-ফার্স্ট সেবা, আধুনিক প্রযুক্তি ও উন্নত গ্রাহক অভিজ্ঞতার সমন্বয়ে সেন্টারটি সাজানো হয়েছে। বরিশালের বগুড়া রোডে স্থাপিত নতুন এ সেন্টার থেকে বরিশাল সদর ও আশপাশের এলাকার গ্রাহক, ব্যবসায়ী ও অংশীদাররা গ্রামীণফোনের বিভিন্ন টেলিযোগাযোগ সেবা গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, সার্কেল বিজনেস হেড (খুলনা) মো. আহসান হাবিব, হেড অব কাস্টমার সার্ভিস অ্যান্ড এক্সপেরিয়েন্স আবদুল্লা আল মাহমুদ এবং গ্রামীণফোন সেন্টার পার্টনার (বরিশাল) কাজী সাফায়াত হোসেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তা, সেন্টার এজেন্ট, গ্রাহক ও স্থানীয় কমিউনিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। নদী, কৃষি ও পেয়ারা বাগানের ঐতিহ্যের সঙ্গে বরিশালের নিজস্ব পরিচয়কে প্রাধান্য দিয়ে নতুন সেন্টারটির নকশা করা হয়েছে। একই সঙ্গে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার নিশ্চিত করে আধুনিক ও টেকসই পরিবেশ তৈরি করা হয়েছে। সেন্টারটিতে গ্রাহকরা এক ছাদের নিচে গ্রামীণফোনের বিভিন্ন টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সল্যুশন এবং আধুনিক প্রযুক্তিপণ্য পাবেন। গ্রাহকদের জন্য সহজ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করতে এতে অত্যাধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধাও রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, ‘গ্রাহক অভিজ্ঞতা শুধু আমরা কোথায় সেবা দিচ্ছি, তা নয়; বরং আমরা তাদের জীবনকে কতটা সহজ, মানসম্মত ও সংযুক্ত করতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, মানুষের জীবন যত বেশি অনলাইননির্ভর হচ্ছে, গ্রাহকদের জন্য শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করার দায়িত্বও তত বাড়ছে। যাতে তারা আরও আত্মবিশ্বাস ও নিরাপত্তার সঙ্গে ডিজিটাল দুনিয়ায় বিচরণ করতে পারেন, সে লক্ষ্যেই গ্রামীণফোন কাজ করছে। ফারহা নাজ জামান আরও বলেন, বরিশালের নতুন গ্রামীণফোন সেন্টারটি এই ভাবনার বাস্তব প্রতিফলন। এখানে আধুনিক ও ডিজিটাল পরিবেশে গ্রাহকরা একই সঙ্গে পণ্য, সেবা এবং ডিজিটাল ও সিকিউরিটি সল্যুশন পাবেন। তার ভাষ্য, বরিশালের মানুষের কাছে এ ধরনের সেবা পৌঁছে দিতে পেরে গ্রামীণফোন গর্বিত। নতুন সেন্টারটি সবার জন্য সহজলভ্য, আধুনিক ও টেকসই সেবা নিশ্চিত করার লক্ষ্যে গ্রামীণফোনের ধারাবাহিক বিনিয়োগের অংশ। একই সঙ্গে স্থানীয় কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতিও এর মাধ্যমে তুলে ধরা হয়েছে।