বরিশালে রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধ’র্ষ’ণ, যুবক আটক

নিজেস্ব প্রতিবেদক | ২০:৪৮, সেপ্টেম্বর ১৮ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করেছে পুলিশ। অপরজন পলাতক রয়েছেন।

আটক যুবকের নাম খায়রুল আকন (২২)। তিনি ওই এলাকার বাসিন্দা। অপর অভিযুক্ত ইসলাম বালীর (২৪) বাড়িও একই এলাকায়।

আজ শুক্রবার সকালে উপজেলার সরিকল ইউনিয়নে অভিযান চালিয়ে খায়রুলকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে খায়রুল আকন ও ইসলাম বালী ওই গৃহবধূর ঘরে ঢোকেন। এ সময় খায়রুল আকন ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে ইসলাম বালীও ধর্ষণের চেষ্টা করলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন ভুক্তভোগী গৃহবধূ। পরে ভুক্তভোগী গৃহবধূ থানায় অভিযোগ দেন।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গৌরনদী মডেল থানার তদন্ত কর্মকর্তা আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে খায়রুল আকনকে আটক করেছে। অপর অভিযুক্ত পলাতক রয়েছেন।