বরিশাল বেতার কেন্দ্রের যন্ত্রাংশ চুরি, মিডিয়াম ওয়েভে সম্প্রচার বন্ধ

নিজেস্ব প্রতিবেদক | ২০:৪৬, সেপ্টেম্বর ১৮ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : যন্ত্রাংশ চুরির কারণে বরিশাল বেতার কেন্দ্রের মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এফএম তরঙ্গের ১০ কিলোওয়াটের ট্রান্সমিটারটির ক্ষমতাও মাত্র ১ কিলোওয়াটে নেমে আসায় মহানগরীর রূপাতলী এলাকায় প্রতিষ্ঠিত বেতার কেন্দ্রটির দেড় থেকে ২ কিলোমিটারের মধ্যে এর অনুষ্ঠান প্রচার সীমাবদ্ধ হয়ে পড়েছে। ফলে দেশের দক্ষিণ উপকূলের একমাত্র সরকারি বেতার কেন্দ্রেটির এখন কার্যত পায় অচল এবং তা জনগণের কোনো উপকারে আসছে না।

নগরীর রূপাতলী এলাকায় র‌্যাব-৮’র সদর দফতরের বিপরীতে এবং বরিশাল মহানগর পুলিশ লাইন্সের অতি নিকটে প্রায় ৩০ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ বেতার কেন্দ্রটি অনেকটাই অরক্ষিত। এর সংকেত প্রদানের মাস্তুল ও আসেপাশের এলাকাটি এতদিন জঙ্গলাকীর্ণ ছিল। এ সুযোগে সঙ্গবদ্ধ দুর্বৃত্তের দল এ মাসের শুরুতে রাতের অন্ধকারে মস্তুলের সাথে ট্রান্সমিটারের সংযোগ তামার তার সহ বেশকিছু যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। এমনকি মাস্তুলের সর্বোচ্চে ‘এভিয়েশন সংকেত বাতি’ প্রজ্জলনের জন্য যে ট্রান্সফর্মার রয়েছে, সেটিও খুলে নিয়ে যাবার কারণে এখন বেতার কেন্দ্রেটির মাস্তুলটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

বরিশাল একটি ‘ফ্লাইং জোন’ হবার কারণে নিরাপত্তার প্রয়োজনেই রাতের বেলা এ ধরনের যেকোন মাস্তুলের উপরিভাগে লাল রঙের সংকেত বাতি প্রজ্জলন বাধ্যতামূলক। কিন্তু যন্ত্রাংশ চুরির কারণে পুরো বেতার কেন্দ্রেটি অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানা গেছে। বেতার কর্তৃপক্ষ ইতোমধ্যে কুমিল্লা বেতার কেন্দ্র থেকে কিছু যন্ত্রাংশ এনে এখানে সংযোজনের চেষ্টা করলেও তা সফল হয়নি। বিষয়টি নিয়ে সরেজমিনে খোঁজ খবর নিতে ও পরবর্তী করণীয় ঠিক করতে বাংলাদেশ বেতারের মহাপরিচালক শুক্রবার বরিশাল সফর করবেন বলে জানা গেছে।

ইতোমধ্যে বেতার কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আঞ্চলিক প্রকৌশলী জানিয়েছেন। এদিকে এ বেতার কেন্দ্রেটি জন্য ১০ কিলোওয়াটের একটি নতুন এফএম তরঙ্গেও ট্রান্সমিটার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে এ লক্ষ্যে সরবারহকারীর দরপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। আগামী নভেম্বরের মধ্যেই বরিশাল বেতার কেন্দ্রের এফএম তরঙ্গের নতুন ট্রান্সমিটার থেকে অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে বলে বেতারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। এমনকি নতুন ট্রান্সমিটারের সাহায্যে অন্তত ৩০ কিলোমিটার ব্যসার্ধের মধ্যে বরিশাল বেতারের অনুষ্ঠান শোনা যাবে বলে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী জানিয়েছেন।

এদিকে দেশের দক্ষিণাঞ্চলের একমাত্র এ বেতার কেন্দ্র্রটি বর্তমানের ২০ কিলোওয়াট থেকে ১শ’ কিলোওয়াটে উন্নীত করার দাবি এখনো পূরণ হয়নি। অথচ বর্তমান সরকার গঠনের পরে গত মার্চে তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেতার কেন্দ্রটি পরিদর্শনের সময় এর সম্প্রচার ক্ষমতা ১শ’ কিলোওয়াটে উন্নীতকরণের ঘোষণা দিয়েছিলেন।