বরগুনায় বিদ্যালয়ে আগুন আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী, ছুটি ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক | ২১:৪২, সেপ্টেম্বর ১৩ ২০২৬ মিনিট

বরগুনার বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন আতঙ্কে (শর্টসার্কিট থেকে সৃষ্ট) হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিদ্যালয়টি সাময়িকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে।

গুরুতর আহত শিক্ষার্থী নিগার সুরাইয়াকে (৬) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিটের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যালয়টি ছুটি ঘোষণা এবং বিষয়টি খতিয়ে দেখতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলামকে আহ্বায়ক করে দুপুরে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের একদিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।