গলাচিপায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি

নিজেস্ব প্রতিবেদক | ২১:৩৬, সেপ্টেম্বর ১২ ২০২৬ মিনিট

পটুয়াখালীর গলাচিপা উপজেলা সরকারি হাসপাতালের পেছনে জাহানারা ক্লিনিকের পূর্ব পাশে বড় সড়ক থেকে দক্ষিণ দিকে যাওয়ার ছোট গলির প্রবেশমুখে একটি বৈদ্যুতিক খুঁটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় খুঁটিটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের ভাষ্য, গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে প্রতিদিন রোগীর স্বজন, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে পড়লে পথচারীদের প্রাণহানি কিংবা গুরুতর আহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হাসপাতাল ও ক্লিনিকসংলগ্ন এলাকায় এমন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি থাকায় বিষয়টি আরও উদ্বেগের। কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই খুঁটিটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খুঁটিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেভাগেই ঝুঁকি নিরসনের দাবি জানিয়েছেন তারা। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন এবং ঝুঁকিপূর্ণ খুঁটিটি মেরামত, পরিবর্তন অথবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।