বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
নিজেস্ব প্রতিবেদক|২২:৩১, আগস্ট ২৯ ২০২৬ মিনিট
পটুয়াখালীর বাউফলে লাল চরের ঘাস খেয়ে বিষক্রিয়ায় ৩০টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষ মারা গেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লালচরে এ ঘটনা ঘটে। মহিষের রাখাল ও পশু চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছে, চরের ঘাসে বিষপ্রয়োগ করা হয়েছে। সেই ঘাস খেয়ে বিষক্রিয়ায় মহিষগুলো অসুস্থ হয়ে পড়ে। যার মধ্যে তিনটি মারা গেছে। বেশ কয়েকটি আশঙ্কাজনক অবস্থায় আছে।
মহিষের মালিক, রাখাল ও স্থানীয়রা জানায়, উপজেলার কেশবপুর ইউনিয়নের লালচরে বছরের পর বছর ধরে স্থানীয় খামারিরা উন্মুক্তভাবে মহিষ লালন-পালন করে আসছে। চরের সবুজ ঘাস খেয়ে প্রাকৃতিকভাবে মহিষ হৃষ্টপুষ্ট হয়। প্রতিদিনের মতো শুক্রবারও রাখালরা শতাধিক মহিষ লালচরে ঘাস খাওয়াতে নিয়ে যায়। চরের ঘাসে আগে থেকেই দুর্বৃত্তরা বিষপ্রয়োগ করে রেখেছিল। সেই ঘাস খেয়ে প্রায় ২৫ থেকে ৩০টি মহিষ অসুস্থ হয়ে পড়ে। যার মধ্যে রফিজ মৃধার একটি, সুমন মাঝির একটি ও রুহুল আমিনের একটি মোট ৩টি মহিষ মারা গেছে। এখনও বেশ কয়কটি মহিষের অবস্থা আশঙ্কাজনক।
চন্দ্রদ্বীপের রায় সাহেবের বাসিন্দা মহিষের মালিক মোস্তফা ফকির বলেন, প্রায় ১৫ বছর ধরে লালচরে মহিষ পালন করি। শতশত মহিষ লালচরের ঘাস খায়। কখনও কোনো সমস্যা হয়নি। তবে এ বছর শত্রুতা করে দুর্বৃত্তরা চরের ঘাসে বিষ প্রয়োগ করে রাখে। সেই ঘাস খেয়ে মহিষ মারা যাচ্ছে। আমার ১৮টি মহিষের অবস্থা আশঙ্কাজনক। আরেক মহিষের মালিক রুহুল আমিন বলেন, বিষ দেওয়া ঘাস খেয়ে আমার একটি মহিষ মারা গেছে। বাকিগুলো অসুস্থ। চিকিৎসা চলছে।
এ বিষয়ে উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই কয়েকটি মহিষ মারা গেছে। বাকি মহিষের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ায় মহিষগুলোর মৃত্য হয়েছে। আমরা মারা যাওয়া মহিষের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠাব। প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো যাবে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুশি পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।