পিরোজপুরে ৭০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক
পিরোজপুরের জিয়ানগরে ৭০ পিস ইয়াবাসহ লিজা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জিয়ানগর থানা পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর থানার একদল পুলিশ লিজা আক্তারের বাড়িতে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী মনির হাওলাদার ঘরের পেছন দিয়ে পালিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, লিজা আক্তার ও তার স্বামী মনির হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ইয়াবা কেনাবেচার অভিযোগ রয়েছে।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান বলেন, “৭০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
