বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার পথে একটি ফিশিংবোট ডুবে গেছে। এতে বোটে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন এক জেলে।
নিখোঁজ জেলের নাম নিরব মাঝি (৫০)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের নতুন স্লুইসগেট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ফিশিংবোটটি মাছ শিকার করে ফিরছিল। রোববার (২৩ আগস্ট) বিকেলের দিকে প্রবল স্রোতের মুখে পড়ে বোটটি ডুবে যায়। সোমবার বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় মনির মাঝি নামের একজন জেলে নিখোঁজ রয়েছেন।’
মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনাটি পটুয়াখালীর মহিপুর মৎস্যঘাট থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সাগর মোহনায় ঘটেছে। আমরা নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্টগার্ডকে জানিয়েছি।’
স্থানীয় জেলেরা জানান, গত ১৯ আগস্ট ১৬ জন জেলে একটি ফিশিংবোট নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যান। সাগরে আবহাওয়া খারাপ হওয়ায় তারা গতকাল তীরের উদ্দেশে রওয়ানা করেন। কিন্তু প্রবল স্রোতের মুখে পড়ে বোটটি ডুবে যায়। পরে জেলেদের ডাক-চিৎকারে অন্য ফিশিংবোটের জেলেরা ১৫ জনকে জীবিত উদ্ধার করেন। কিন্তু ডুবে যাওয়া ফিশিংবোটের মিস্ত্রি নিরব মাঝি নিখোঁজ রয়েছেন।
সাগরে ফিশিংবোট ডু’বিতে ১৫ জেলেকে জীবিত উদ্ধার, শুধু ফিরলেন না নিরব মাঝি
