বরিশালের মেঘনা নদী থেকে উদ্ধার কিশোরীর পরিচয় শনাক্ত

নিজেস্ব প্রতিবেদক | ২১:৪৯, আগস্ট ২৩ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীরে ভেসে আসা অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহতের নাম রোজামনি (১৫)। সে ভোলার চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ গ্রামের মো. জাফর হোসেন ও রুনা বেগমের মেয়ে।

নিহতের মামা মো. মাইনুল ইসলাম রোববার বেলা ২টার দিকে হিজলা নৌ পুলিশ ফাঁড়িতে পৌঁছে ভাগনির মরদেহ শনাক্ত করেন।

সূত্রে জানা গেছে, ২০ আগস্ট দিবাগত রাতে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলার উদ্দেশে রওনা দেয় রোজামনি। রাত আনুমানিক ১টার দিকে হরিণাপুর ফেরিঘাট এলাকায় অসাবধানতাবশত লঞ্চ থেকে নদীতে পড়ে তলিয়ে যায় সে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দা ও মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা বাউশিয়া এলাকায় নদীর তীরে সিসি ব্লকের সঙ্গে মরদেহটি আটকে থাকতে দেখেন। পরে তাঁরা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে স্বজনেরা ফাঁড়িতে পৌঁছে পরিচয় শনাক্ত করেন।

হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক জানান, কিশোরীর মামা মরদেহের পরিচয় শনাক্ত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।