বাউফলে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত ৪

নিজেস্ব প্রতিবেদক | ২১:০৮, আগস্ট ২০ ২০২৬ মিনিট

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে একটি সালিশ বৈঠক চলাকালে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন ভাইসহ চারজন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কালাইয়া বন্দরের সিনেমা সড়কের এ ঘটনাটি ঘটেছে। ‎আহতরা হলেন উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মোল্লা বাড়ীর ফার্নিচার ব্যবসায়ী মো. শহিদুল মোল্লা (৩২), তার ভাই রিয়াজ মোল্লা (৪৬) এবং শাহিন মোল্লা (২৬)। এছাড়াও তাদের দোকানের কর্মচারী রাব্বি আহত হয়েছেন বলে জানা গেছে। আহত শহিদুল মোল্লার অভিযোগ, তিনি একই এলাকার ছাত্রদল নেতা ইয়াসিন (২৩) দীর্ঘদিন ধরে তার (শহিদুল) কাছে চাঁদা দাবি করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের অবহিত করলে বুধবার রাতে সালিশ বৈঠকের আয়োাজন করা হয়। বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। একপর্যায়ে ইয়াসিন, ইব্রাহিম ও সোহান পঞ্চায়েতসহ ২০-৩০ জন তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। ‎অভিযোগে আরও বলা হয়, হামলার সময় সালিশ বৈঠকে উপস্থিত লোকজনের ওপরও হামলা হয়। এতে শহিদুলের ছোট ভাই শাহিন ও বড় ভাই রিয়াজসহ কয়েকজন আহত হন। পরে তারা সিনেমা হল থেকে বের হয়ে একটি চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় রিয়াজ মোল্লা দাবি করেন, হামলার সময় তার কাছে থাকা ৪০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারিরা। ‎ ‎অভিযুক্তদের মধ্যে রয়েছে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে পরিচয় দেওয়া ইয়াসিন (২৫), কালাইয়ার ইব্রাহিম এবং সোহান পঞ্চায়েত। ‎অভিযুক্ত ইয়াসিন দাবি করেন, গত ১৬ আগস্ট রাত ৯টার দিকে শাহিন তাকে অপহরণ করে মারধর করেন। পরদিন শহিদুল মোল্লার দোকানের সামনে শাহিনের সঙ্গে তার ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনার জেরেই বুধবার সালিশ বৈঠক বসে। বৈঠকে উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে তার উপর হামলা করে। এ ঘটনায় ইভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এবং তিনিও আহত হয়েছন বলে দাবি করেন। ‎সালিশ বৈঠকে সাবেক বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ পঞ্চায়েত, উপজেলা যুবদলের সদস্য স্বপন মৃধাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ‎বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সালিশ বৈঠকে হামলার ঘটনাটি সম্পর্কে তারা শুনেছেন। সাথে সাথে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’