পিরোজপুরে দুই ছাগলকে বেঁধে খালে ফেলে হ’ত্যা, বিচারের দাবিতে থানায় কৃষক

নিজেস্ব প্রতিবেদক | ২২:০২, আগস্ট ১৭ ২০২৬ মিনিট

 পিরোজপুরের নেছারাবাদে চারটি সুপারি চারা খাওয়ার অভিযোগে দুই ছাগলকে চার পা বেঁধে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাগল দুটির মালিক একই গ্রামের দরিদ্র কৃষক মো. হালিম হাওলাদার। ঘটনার পর রাতে তিনি ছাগল দুটির মরদেহ নিয়ে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেন।

হালিম হাওলাদারের অভিযোগ, স্থানীয় সুনীল হালদারের বাগানে থাকা চারটি সুপারি চারা তার তিনটি ছাগল খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে সুনীল তিনটি ছাগলের পা বেঁধে খালে ফেলে দেন। পরে দুইটি ছাগল মারা যায়। অপর ছাগলটিও গুরুতর অবস্থায় রয়েছে বলে দাবি করেন তিনি।

হালিম হাওলাদার বলেন, আমি গরিব মানুষ। তিনটি ছাগলই আমার সম্বল। চারটি সুপারি চারা খাওয়ার কারণে ছাগলগুলোকে এভাবে বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।

স্থানীয় গ্রাম পুলিশ মো. শাহাদাৎ ও ইউপি সদস্য রুবেল গাজী জানান, হালিম অত্যন্ত দরিদ্র। ছাগলগুলো সুপারি চারা খাওয়ার অভিযোগে পা বেঁধে খালে ফেলে দেওয়ার বিষয়টি তারা শুনেছেন। এতে দুইটি ছাগল মারা গেছে।

তবে ছাগল হত্যার অভিযোগ অস্বীকার করেছেন সুনীল হালদার। তিনি বলেন, “ছাগলগুলো আমার সুপারি চারা খেয়েছে। আমি শুধু ছাগল তাড়িয়ে দিয়েছি, মারিনি।”

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাইয়ের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।